নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ জনে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরো তিন জন।
গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে হিরণ মিয়ার (২৩)। এছাড়া আগের রাতে মারা গেছে আপন (১২)। এর আগে চিকিত্সাধীন অবস্থায় নূরজাহান বেগম (৬০), তার ছেলে কিরণ (৪৬) ও কিরণের ছেলে আবুল হোসেন ইমনের (২৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। গত ১৭ ফেব্রুয়ারি ভোরে রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের আট জন দগ্ধ হন। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার কুমড়াদি গ্রামে।
