বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) নিয়মিত অফিসারদের পাশাপাশি ট্রাফিক বিভাগেও বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে। সম্মানজনক পেশা এবং ভালো বেতনের জন্য অনেক বাংলাদেশি এখন যোগ দিচ্ছেন এনওয়াইপিডির ট্রাফিক বিভাগে। বর্তমানে ১ হাজারেরও বেশি বাংলাদেশি এজেন্ট কর্মরত রয়েছেন ট্রাফিক বিভাগে, যাদের মধ্যে শীর্ষস্থানীয় পদ ট্রাফিক ম্যানেজার ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন অনেকেই।
এদিকে ট্রাফিক এজেন্ট থেকে সুপারভাইজার পদে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রস্তুতি ক্লাসের আয়োজনের মাধ্যমে তাদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন—বাপা। গত রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ প্রস্তুতি ক্লাসে বিপুলসংখ্যক বাংলাদেশি ট্রাফিক এজেন্ট অংশ নেন।
উল্লেখ্য, নিউ ইয়র্ক পুলিশ বিভাগে দুই শতাধিক নিয়মিত কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন দুই জন বাংলাদেশি। আরো কয়েক জন এই পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এছাড়া লেফটেন্যান্ট ও সার্জেন্ট পদে বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন আরো অর্ধশত, যাদের মধ্যে বেশ কয়েক জন নারী কর্মকর্তাও রয়েছেন।
