রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়িতে হামলা চালানো হয়। উভয় পক্ষের সশস্ত্র মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম ও হামজালার দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষই একে অপরের অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে দাবি করে তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
