মার্কিন সরকারের অচলাবস্থা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের এক শীর্ষ সহযোগী এই তথ্য জানিয়েছেন। ওই দিন নতুন কংগ্রেসের অধিবেশন বসবে এবং ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের দায়িত্ব নেবে। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ এবং বাজেট পরিচালক মিক মুলভ্যানি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শাট ডাউন ২৮ ডিসেম্বর ছাড়িয়ে যাবে। কারণ এই মুহূর্তে সমঝোতায় সেরকম কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বড়দিনের ছুটির জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল রিজার্ভ তথা কেন্দ্রীয় ব্যাংকের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল সমস্যা এই ফেডারেল রিজার্ভ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েলকে বরখাস্তও করতে পারেন। -রয়টার্স
