একদিকে আধুনিক গান। অন্যদিকে রবীন্দ্রসংগীত। দু’টি ধারাতেই দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন সমান জনপ্রিয়। দুই ধরনের গানেই তিনি প্রতিষ্ঠিত এবং যশস্বী। সঙ্গে ফিল্মি বাংলা ও হিন্দি গান তো আছেই। গতকাল সোমবার দুপুরে কলকাতার সল্টলেকের বাড়িতে মারা গেলেন বাংলা সঙ্গীত জগতের অন্যতম এই ব্যক্তিত্ব। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুতে শোকাহত বাংলার শিল্পীমহল। চলতি বছরের আগষ্ট থেকে ভুগছিলেন প্রবাদপ্রতীম এই সংগীতশিল্পী। একাধিক রোগে জর্জরিত দ্বিজেন মুখোপাধ্যায় শয্যাশায়ী ছিলেন। রক্তে অক্সিজেনের ওঠানামার ফলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৫ জনের একটি মেডিক্যাল টিম চিকিত্সা করছিল বিশিষ্ট ওই সংগীতশিল্পীর। চিকিত্সায় সাড়া দিয়েছিলেন তিনি। সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু পরের মাসে ফের অবস্থার অবনতি হয়। ফুসফুসে তার সমস্যা হচ্ছিল। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফের হাসপাতালে ভর্তি হন তিনি। ১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম নিয়েছিলেন আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। - আনন্দবাজার পত্রিকা
