‘টম এন্ড জেরী’ মঞ্চস্থ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩

মনিরুজ্জামান ধীরু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা )

 

গাহি সাম্যের গান—যেখানে আসিয়া এক হয়ে গেছে, সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রিশ্চান, স্লোগান নিয়ে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে সাতটায় চুয়াডাঙার দর্শনা অনির্বাণ থিয়েটারের তিন যুগ পূর্তিতে সপ্তাহব্যাপী শুরু হয়েছে ২১শে মেলা  ও নাট্যোত্সব। চুয়াডাঙা-২ আসনের সংসদ সদস্য জনাব মো. আলি আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও মোমবাতি প্রজ্বলন করে উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দর্শনা ডাকবাংলো চত্বর মঞ্চে সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো জাহিদ আলি আনছারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন ও দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। ওইদিন সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরি, শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বর্ণ লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও আলোচনা সভা শেষে একুশে মেলা ও সপ্তাহব্যাপী নাট্যোত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর যশোরের বিবর্তন নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘পাইচো চোরের কেচ্ছা’। পরদিন একই মঞ্চে ভারতের কলকাতার অঙ্গন বেলঘরিয়ার পরিবেশনায় ও অভি সেনগুপ্তের রচনা পরিচালনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘টম এন্ড জেরী’। নাটকটিতে ১৩ জন নাট্যশিল্পী অংশগ্রহণ করেন। ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত উত্সবে পশ্চিমবঙ্গের একটি, কলকাতার একটি, ঢাকার ৩টি ও স্থানীয় ৩টি নাটকের দল  অংশগ্রহণ করবেন। প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা শেষে রয়েছে দেশ বাউল ও লালন গানের আসর। অনির্বাণ থিয়েটারের তিনযুগ পূর্তি অনুষ্ঠান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উত্সর্গ করা হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক  আনোয়ার হোসেন জানান।