আব্দুর রউফ রিপন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর রাণীনগরে ভাষার গান গেয়ে স্মরণ করা হলো ভাষাশহিদদের। ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তারই একটি অন্যতম অংশ। কর্মসূচির প্রথমেই শুক্রবার দিবস উপলক্ষে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য প্রভাতফেরি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। পরে শহিদ মিনারের পাদদেশে উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত খুদে ও বড়ো শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভাষার ও দেশের গান পরিবেশন করা হয়। এছাড়া নওগাঁ-৬ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম দেশের গান পরিবেশন করেন।
