অসীম কুমার সরকার
তানোর (রাজশাহী) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর তানোরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়। উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তিন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করে। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, বিভিন্ন শ্রেণি-পেশাজীবীদের নিয়ে আলোচনা সভা ও ৩ দিনব্যাপী বইমেলা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ, পালন ও লালন করে বাংলাভাষাকে সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুত্ফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও তানোর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল ওহাব।
এদিকে উপজেলা শহিদ মিনার চত্বরে সন্ধ্যায় বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় উপজেলা শিল্পকলা একাডেমি, উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান।
