ইত্তেফাক রিপোর্ট
ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা দিতে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ (বিএফপি-বি) আয়োজিত ‘অ্যাকশন-ফ্রেমিং কনফারেন্স :ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থবাজার রূপান্তরকরণ’ শীর্ষক সম্মেলন গতকাল বুধবার ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে চারটি ভিন্ন ভিন্ন সেশনে প্যানেল আলোচনা সম্পন্ন হয়, যেখানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক উন্নতির জন্য ডিজিটাল রূপান্তরকরণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশে ওমনি-চ্যানেল বিতরণ মডেল গ্রহণ, নীতি সংস্কার ও বেসরকারি খাতের বিনিয়োগকে আরো কার্যকর এবং বিনিয়োগের জন্য মিশ্র অর্থনৈতিক অবকাঠামো তৈরিসহ বাজারের সুবিধার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠানসমূহের সিনিয়র সচিব আছাদুল ইসলাম, ডিএফআইডির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ম্যাকাল্পাইন এবং লন্ডনের নাথান অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ইমন ক্যাসিডি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফপি-বির প্রকল্পপ্রধান আহমেদ জামাল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শাহরিয়ার আলম বিভিন্ন ক্ষেত্রে আর্থিক বোধগম্যতা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি আস্থা অর্জনের গুরুত্ব এবং সামগ্রিক বাজারের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সঙ্গে এর সম্পর্ক নিয়ে কথা বলেন। এটি বেশির ভাগ গ্রামীণ অঞ্চলে বিকাশকে বাধা দেয় এমন তথ্যগত দূরত্ব পূরণ করার প্রক্রিয়াটিকে দ্রুত করেছে।
