রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

ফরিদপুর জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা হচ্ছে নওয়াপাড়া। নওয়াপাড়াবাজার থেকে লংকারচর-মাঝিপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুর্দশা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি। পুরো রাস্তা জুড়ে খানাখন্দের শেষ নেই, বেশিরভাগ জায়গাতেই কংক্রিট উঠে গেছে। যার ফলে যাতায়াতে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। গ্রামের মানুষ মূলত তাদের কৃষিপণ্য পরিবহনে রাস্তাটি ব্যবহার করে। রাস্তাটি ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। কিন্তু দীর্ঘদিন ধরে বালু ও মাটি বোঝাই ট্রাক দিন-রাত চলাচল করায় রাস্তাটির এই দুরবস্থা। ফলে সড়ক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে গেছে। আর রাস্তা হয়েছে ধুলার রাজ্য, যার জন্যে মাস্ক পরেও রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। ধুলার ফলে বেড়েছে অ্যালার্জিজনিত রোগ। তাই যথাযথ কর্তপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ এই যে, রাস্তাটি অতি দ্রুত সংস্কার করুন যাতে নির্বিঘ্নে চলাচল করা যায়।

মো. বিল্লাল হোসেন

ফরিদপুর