গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ জোনাল অফিস কাপাসিয়ার অন্তর্ভুক্ত এলাকায় ২০১৮ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ১০ মেগাওয়াট বিদ্যুত্ সাবস্টেশন স্থাপনের প্রস্তাব দেন চেয়ারম্যান মহোদয়। সেই মোতাবেক জমি কেনা হলেও কোনো কাজ অগ্রসর হচ্ছে না। সাবস্টেশনটির কাজ চলতি বছর শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে পল্লিবিদ্যুতের গ্রাহক সংখ্যা বাড়ছে। এখন এলাকায় বিদ্যুতের ব্যাপক চাহিদা। দ্রুত সাবস্টেশনের কাজ শেষ করে চাহিদা অনুযায়ী বিদ্যুত্ সরবরাহ করা একান্ত প্রয়োজন। শীত মৌসুমে দেখা যায়, দিনে দফায় দফায় বিদ্যুত্ যেতে। ১০ মেগাওয়াট বিদ্যুত্ সাবস্টেশন চালু হলে এলাকাবাসী ভালো সার্ভিস পাবে। পরিশেষে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে সনির্বন্ধ আবেদন এই যে, দ্রুত সাবস্টেশনটি বাস্তবায়ন করে এলাকার ঘন ঘন বিদ্যুত্ না থাকার অসুবিধা ঘোচান।
মো. রেহান উদ্দিন
কাপাসিয়া, গাজীপুর
