‘লন্ডন এখনো লাল’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

 স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শুরুটা চেলসির শত্রু ডেরা আর্সেনালে হলেও সময়ের ফেরে সের্জ গেনাব্রি এখন খেলছেন বায়ার্ন মিউনিখে। তাতে ‘গানার’ সত্তাটা যে মলিন হয়নি একটুও সেটা চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারিয়েই জানান দিলেন জার্মান এই স্ট্রাইকার। শেষ ষোলর প্রথম লেগে জোড়া গোল করে আর একটি করিয়ে প্রতিপক্ষের মাঠে দলকে এনে দিলেন ৩-০ গোলের জয়।

এরপরই বললেন, ‘লন্ডন এখনো লাল’। এর মধ্য দিয়ে স্পষ্টতই তিনি চেলসির বিরুদ্ধে আর্সেনালের জয়ের সময়কার কথাই মনে করিয়ে দিলেন।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে বায়ার্নের দাপটটা টের পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। প্রথমার্ধ্বের শুরু থেকেই প্রতিপক্ষ অর্ধে মুহুর্মুহু আক্রমণ শানানো দলটি বিরতির আগ পর্যন্ত গোল পায়নি চেলসি গোলরক্ষক উইলি ক্যাবায়েরোর বীরত্বে। তবে প্রতিপক্ষ গোলমুখে দুটি শট নিয়ে গোলের দেখা পায়নি চেলসিও।

প্রথমার্ধ্বে বায়ার্নের একাধিক শট ঠেকিয়ে চেলসিকে লড়াইয়ে রাখা ক্যাবায়েরো দ্বিতীয়ার্ধ্বে আর দেওয়াল হয়ে দাঁড়াতে পারেননি। ৫১ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির বাড়ানো ক্রস থেকে বায়ার্নকে এগিয়ে নেন সের্জ নাব্রি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

ম্যাচ জুড়ে দারুণ আলো ছড়ানো লেভান্ডোভস্কির জালে দেখা পান ৭৬তম মিনিটে। ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। আগামী ১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ। শেষ দিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কোস আলোনসো লালকার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালের পথ আরো কঠিন হয়ে গেছে চেলসির।

চ্যাম্পিয়ন্স লিগ নকআউটের বড়ো জয় সব দলেরই পরম কাম্য। জয়টা যখন হয় সাবেক নগর প্রতিদ্বন্দ্বিদের মাঠে তাদেরই বিপক্ষে, আনন্দটা তখন যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই বাধ ভেঙে দেয়। চেলসির বিপক্ষে তাদেরই মাঠে জয়ের নায়ক বনে যাওয়া সাবেক আর্সেনাল ফরোয়ার্ড নাব্রির ক্ষেত্রেও ঘটেছে একই ব্যাপার। ম্যাচের পর জার্মান এই স্ট্রাইকার টুইটারে নিজের উদ্যাপনের ছবি দিয়ে লেখেন, ‘লন্ডন এখনো লাল’।

তবে তার সতীর্থ ডেভিড আলাবার আনন্দের কারণটা ভিন্ন। মৌসুম শুরুর রঙহীন সময়টা পেছনে ফেলে এখন বায়ার্ন আবারও ফিরেছে স্বরূপে। অস্ট্রিয়ান ডিফেন্ডার উদ্বেলিত তাতেই, ‘তিন মাস আগেও কেউ বিশ্বাস করেনি আমরা এখানে থাকব। আমরা ফিরে এসেছি এবং সেটা আমরা দেখিয়েছি।’

বায়ার্ন ডিফেন্ডার জানান, বর্তমান ছন্দটাই ধরে রাখতে চায় তার সতীর্থরা। তিনি বলেন, ‘ আমরা খুবই আত্মবিশ্বাসী। অগ্রগতিটা অব্যাহত রাখা এবং ছন্দ ধরে রাখাটাই এখন আমাদের মূল লক্ষ্য। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোনো আর সফলতা লাভ করাও।’