স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে জাপানের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল আসর ‘জে লিগ’ বন্ধ করতে বাধ্য হয়েছে জাপান ফুটবল। তবে এরপরও গ্রীষ্মে আসন্ন অলিম্পিকে করোনা ভাইরাস বড়ো কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না বলেই আশাবাদ আয়োজকদের।
ইতিমধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করোনা ভাইরাসের কারণে জাপানও আক্রান্ত হয়েছে। যে কারণে ঘরোয়া ফুটবল লিগ আপাতত মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিকেও বড়ো প্রভাবই ফেলতে পারে করোনা ভাইরাস আতঙ্ক।
টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর বাকি আর মাত্র পাঁচ মাস। তবে এখনই এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না আয়োজক কর্তৃপক্ষ। আগামী ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় অলিম্পিকে সমর্থক ও পর্যটকদের ঢল আশা করছে আয়োজক কমিটি। এছাড়াও এখানে হাজারো ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়টিও সকলকে ভাবিয়ে তুলেছে।
এক বিবৃতিতে টোকিও ২০২০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা এখনো গেমস বাতিলের বিষয়ে কোনো ধরনের আলোচনা করিনি। পরিকল্পনামাফিকই গেমস আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে।’
চীনে ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। চাইনিজ সুপার লিগের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কে-লিগও স্থগিত হয়ে গেছে। ইতিমধ্যেই এই ভাইরাসের কারণে এশিয়ার ক্রীড়া ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ কারণে অলিম্পিককে সামনে রেখে পুরো বিষয়টি বেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও সাত বছর ধরে প্রস্তুতি নেওয়া অলিম্পিকের দিনক্ষণ এত তাড়াতাড়ি পরিবর্তনে নারাজ জাপান।
জে-লিগ চেয়ারম্যান মিটসুরু মুরাই এ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাময়িকভাবে জাপানীজ ফুটবল লিগ বন্ধ করাটা সত্যিই অনেক বড়ো সিদ্ধান্ত।’ সোমবার একটি মেডিক্যাল প্যানেল জাপান সরকারকে সতর্ক করে বলেছে আগামী কয়েক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ। এই সময়ে ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিমধ্যেই জাপানে ১৫৬ জনের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। —বাসস
