স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও আরইউসিসির উপদেষ্টা স্বপ্নীল রহমানসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এবার মেলায় দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উক্ত প্রতিষ্ঠানগুলো প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ প্রদান করবে। প্রথম দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত বুথে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নিয়েছে। এতে রাবি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা চাকরিপ্রার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলো জমাকৃত জীবনবৃত্তান্ত থেকে নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে।
