অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী আনোয়ারা পারভীনের বিরুদ্ধে তথ্য গোপন ও জ্ঞাত বহির্ভূত আয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আশিকুর রহমান মঙ্গলবার জানান, বীরগঞ্জ থানার সাবেক ওসি (বর্তমান রাঙ্গামাটি থানা) জাহাঙ্গীর হোসেন এবং তার স্ত্রী আনোয়ারা পারভিন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীর বিপরীতে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৬৭১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৬৫৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উত্স বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে এই মামলা করা হয়েছে।
দুদক কর্মকর্তা আরো জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দুদক আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্প্রতি মামলাটি করা হয়েছে। মামলার অভিযোগপত্র প্রদানের বিষয়ে তদন্ত চলছে।
