দুটি সংসদীয় আসন ও চসিক ভোটের মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন, বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। এ দিন বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, এসবের মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ ও প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৮ জানয়ারি বগুড়া-১ আসন আর যশোর-৬ আসন ২১ জানুয়ারি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এ হিসেবে বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করার সময় ছিল। দুটি সংসদীয় আসনে ব্যালটে ভোটগ্রহণ ?অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর চসিক নির্বাচনের পুরো ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।