ইত্তেফাক রিপোর্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৩৭০ গ্রাম সোনাসহ নিলুফা ইয়াসমিন নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের একটি দল। আটককৃত সোনার দাম আনুমানিক ৭০ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশিকালে রাত ১২টার দিকে ব্যাংকক থেকে আসা এসএল ২২৪ নম্বরের একটি ফ্লাইটের যাত্রী নিলুফার ইয়াসমিনকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে ১৪ পিস সোনার বার পাওয়া যায়। আটককৃত যাত্রী নিলুফা ইয়াসমিনকে পুলিশে দেওয়া হয়েছে বলে জানায় কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
