মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের উদারপন্থি দুই বিচারকের সমালোচনা করে বিচার বিভাগের সঙ্গে তার বিরোধকে আরো তীব্র করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প তার সম্পৃক্ততা আছে এমন মামলা থেকে ডেমোক্র্যাটদের নিযুক্ত সুপ্রিম কোর্টের দুই উদারপন্থি বিচারককে দূরে থাকার দাবি করেছেন। এরা হলেন বিচারপতি সোনিয়া সটোমেয়র এবং বিচারপতি রুথ বাডের গিনসবার্গ। এ দুজন তার বিরোধী বলে মনে করেন ট্রাম্প। যদিও মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট অনুরোধ করেছেন বিচার বিভাগের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা না বলার জন্য।
গত সপ্তাহে বিচারপতি সটোমেয়র ট্রাম্প প্রশাসনের একটি মামলায় উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে তাঁর অসম্মতির কথা জানান। যে সকল অভিবাসী সরকারি সহায়তা কর্মসূচির ওপর নির্ভরশীল তাদেরকে গ্রিন কার্ড না দেওয়ার পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনকে কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় উচ্চ আদালতের ওই আদেশে। সাত পৃষ্ঠার এক মন্তব্যে সটোমেয়র বলেন, নিম্ন আদালতে হেরে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে দ্রুত অগ্রসর হতে চাইছে। তারা বিতর্কিত নীতিটিকে দ্রুত কার্যকরের চেষ্টা করছে। তার সহকর্মী রক্ষণশীল বিচারপতিরা ট্রাম্প প্রশাসনের পক্ষ নিতে খুবই উদগ্রীব বলে জানান তিনি।
এরপর মঙ্গলবার ভারত সফরে থাকাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি যথার্থ নয়। সুপ্রিম কোর্টের এই বিবৃতি খুবই ভয়াবহ। তিনি প্রধান বিচারপতি জন জি. রবার্টসেরও সমালোচনা করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র ক্যাথলিন আরবার্গ জানিয়েছেন, প্রধান বিচারপতি রবার্টস, বিচারপতি গিনসবার্গ এবং বিচারপতি সটোমেয়র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন।
