বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৯

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি গতকাল বুধবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অন্তর্গত ৩৫ স্কোয়াড্রন, ২০৫ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং শারীরিক যোগ্যতা স্কুলকে তাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ, ‘বাংলাদেশ বিমান বাহিনী পতাকা’ প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন, ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বঙ্গবন্ধু ঘাঁটি আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. শফিকুল হাসান খান, জিডি (পি)। বিমান বাহিনী প্রধান সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহিদদের, যাদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

বিমান বাহিনীর পতাকা অর্জনকারী স্কোয়াড্রন এবং ইউনিটের প্রতিটি সদস্যকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সম্মানের প্রতীক হিসেবে প্রদানকৃত কালার এর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখতে সকলকে সচেষ্ট থাকতে বলেন। —আইএসপিআর