দুদক কারো রাজনৈতিক পরিচয় দেখে না —দুদক চেয়ারম্যান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক পরিচয়কে ন্যূনতম গুরুত্ব দেয় না বরং অভিযোগের বস্তনিষ্ঠতা এবং ব্যাপকতাকেই গুরুত্ব দেয়। দুদকের কাছে ব্যক্তির পরিচয় কোনো গুরত্ব বহন করে না। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনি দায়িত্ব পালন করে। দুদক বস্তুনিষ্ঠ সমালোচনাকে  সর্বদাই সাধুবাদ জানায়। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের নেতৃত্বে দুই সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে পারষ্পরিক দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, যে বা যারা এ দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে গেছে, এই সম্পদ পুনরুদ্ধারে দুদক বিশ্বব্যাংকের সহযোগিতা চায়। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারই দুদকের সর্বোচ্চ আইনি  অগ্রাধিকার বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, বিশ্বব্যাংক ও ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনও-ডিসি) কর্তৃক গৃহীত স্টোলেন এসেট রিকভারি ইনিসিয়েটিভ কর্মসূচিতে দুদক কাজ করতে চায়। এসময় বিশ্বব্যাংকের কান্ট্রিডিরেক্টর দুদকের এই অভিপ্রায়কে স্বাগত জানান এবং বলেন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের পক্ষে করণীয় সব সহযোগিতা করার চেষ্টা করা হবে।