পাপিয়ার সম্পদের অনুসন্ধান করবে দুদক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮

টাকা পাচারের অভিযোগে গ্রেফতারকৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ দিলোয়ার বখত। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোহাম্মদ দিলোয়ার বখত বলেন, পাপিয়ার আশেপাশে যারা ছিল তাদের দিকেও গোয়েন্দা নজর রাখা হচ্ছে। তার সহযোগীরাও আইনের আওতায় আসবে। পাপিয়ার সম্পদ, তার উত্স, ক্ষমতা, বিদেশে অর্থ পাচার সবকিছুই অনুসন্ধানের আওতায় আছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বড়ো বড়ো দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে।