মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমানের ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল বুধবার বিকালে বাংলামোটরস্থ উন্নয়ন সমন্বয়ের মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। যেখানে বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং লেখক-গবেষক ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সভাপতি শামসুজ্জামান খান উপস্থিত ছিলেন। ঢাকা ও কলকাতা থেকে দুটি পাবলিকেশন আলাদা আলাদাভাবে একযোগে এ গ্রন্থটি প্রকাশ করেছে।
এ গ্রন্থ সম্পর্কে ড. আতিউর রহমান বলেন, তরুণ প্রজন্মের মাঝে নান্দনিক ভাবনাকে জাগ্রত করার পাশাপাশি মানবিক বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। বড়ো বিশ্লেষণে না গিয়ে তরুণ প্রজন্ম যাতে সহজে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে সেভাবে এ বইটি লেখা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিককালে বঙ্গবন্ধু সম্পর্কে তরুণরা জানতে খুবই আগ্রহী হচ্ছে। এজন্য তাদের কাছে এখন বঙ্গবন্ধু সম্পর্কে তথ্য তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে কলকাতার সম্পর্ক প্রকাশনীর প্রকাশক সুনন্দন রায় চৌধুরী এবং বাংলাদেশের গৌরব প্রকাশনীর প্রকাশক স ম ইফতেখার মাহমুদ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ
