ফুলে ফুলে ভুলি যেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬

দুখু বাঙাল

একুশ এখন চন্দ্র-তারার আলোকধারায় মায়ের হূদয়-কূল

একুশ এখন বাংলা ভাষায় নিত্য ফোটায় রঙিন সতেজ ফুল।

 

একুশ এখন বর্ণমালায় উলকি আঁকা আমার বোনের গাল

একুশ এখন ভরদরিয়া যে ছিল এক শুধুই গাঁয়ের খাল।

 

একুশ এখন ভাইয়ের বদন যে কখনো ফিরবে না আর বাড়ি

একুশ এখন দাদুর মুখের আউলা বায়ে কাশফুলো রং দাঁড়ি।

 

একুশ এখন কিশোর কবির ধবল খাতায় রাত্রিজাগা চাষ

একুশ এখন শিশির ভোরের মুক্ত মাঠের দুরন্ত সব ঘাস।

 

একুশ এখন শহিদ মিনার, মিনারখ্যাত আমার বাংলাদেশ

শহিদবেদির পাদমূলে ফুলে ফুলে ভুলি যেন সমস্ত বিদ্বেষ।