ফাগুন এলে আগুন ঝরে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬

শিবুকান্তি দাশ

 

ফাগুন এলে আগুন ঝরে কৃষ্ণচূড়ার ডালে

শিমুল পলাশ রক্তজবার খুন ঝরে লাল লালে

এমন খুনে রাঙিয়েছিল বায়ান্নে রাজপথ

মিছিল নিয়ে সরব ছিল সালাম ও বরকত।

রাষ্ট্র ভাষা উর্দু হবে বাংলা নির্বাসন

কেউ মানেনি কেউ মানেনি উঠছিল গর্জন

মায়ের ভাষা বাংলা ভাষার রাখতে হবে মান

রাজপথে আজ যায় যদি যাক বক্ষে থাকা প্রাণ।

ভাষার লড়াই ঢাকার বুকে মা রয়েছেন গ্রামে

মায়ের বুকে ছেলের ছবি অশ্রু হয়ে নামে

স্বপ্ন ছিল অনেক বড়ো হবে মায়ের ছেলে

মায়ের মনের ভাবনাগুলো উড়ছে পাখা মেলে।

কৃষ্ণচূড়া শিমুল পলাশ গোমড়া করে মুখ

তারা যেন স্বজনহারা ব্যথায় ভরা বুক

মাকে বলি, শোক করো না, তোমার ছেলে আছে

ঐ দেখো না বর্ণমালায় বর্ণ হয়ে নাচে।

তোমার ছেলে বীর তিতুমির কিংবা ক্ষুদিরাম

মেয়ে তোমার প্রীতিলতা সবার স্মৃতির খাম

একে একে দেখলে খুলে লড়াই করা পথ

দেখলে খামে এমন পথের সালাম ও বরকত।

তাদের মতো আমিও মাগো বর্ণমালায় মোড়া

এরচে বেশি গর্ব কী আর হলাম ফুলের তোড়া।