বাংলাভাষা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

শাহেদ রহমান

 

বঙ্গবন্ধু শেখ মুজিবের বজ্রকণ্ঠ যেমনি পারেনি কেউ দাবিয়ে রাখতে

সমুদ্রের স্বর যেমনি নিঃস্তব্ধ হয় না কারও হুংকারে

যেমনি নদীর স্রোত সুমধুর কলতান,

জননীর বুলি তেমনি সুমিষ্ট গান।

 

নদীর গীতল গতি যদি হয় বাধাগ্রস্ত,

পথে যদি কেউ প্রাচীর নির্মাণ করে,

নদীর দুকূলে ঘটে বিকট প্রলয়,

শহর-বন্দর, গ্রাম, সভ্যতার চিহ্ন অকালে থমকে দাঁড়ায়।

 

আকাশের স্বর, নদীর কল্লোল, উড়াল পাখির ডানা

বাতাসে ভাসায় যে মিষ্টি সিম্ফনি,

বাংলাভাষা তার চেয়ে অনেক মধুর, বেশি বলীয়ান।

 

যখন জিন্নাহ বললেন—উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা

বঙ্গোপসাগর কেঁপে উঠলো বিপুল দ্রোহে,

অশান্ত ঝড়ের রাতে মেঘনা-যমুনা-পদ্মা

দ্রোহের তরঙ্গ তুলে, বাতাসে ছড়িয়ে দিলো ক্রোধের তুফান,

‘না, না, না’...

 

সালাম, রফিক, জব্বার, বরকত আর শফিউল

রক্তের অক্ষরে রোপণ করলো একটি সতেজ বটবৃক্ষ—

যার হাত ধরে বিপুল সংগ্রামে

আইফেল টাওয়ার চুড়োর মতন

আমাদের হূদয়ে উঠলো জেগে স্বাধীনতা বীজমন্ত্র,

জয়বাংলা ধ্বনি, মুক্তিযুদ্ধ আর অমর বিজয় একাত্তর।