একুশের নতুন বই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

নভেরা বিভুঁইয়ে স্বভূমে

আনা ইসলাম

যৌথ প্রকাশনা

জার্নিম্যান বুকস   অন্যপ্রকাশ

প্রচ্ছদ ও গ্রন্থ নকশা : তারিক সুজাত। মূল্য: ১৫০০ টাকা

 

বাঙালি মনীষার আত্মসচেতন ও আত্মজাগৃতির সময় ছিল ৫০-এর দশক। বাঙালির ছিল নিজস্ব কীর্তিময় ঐতিহ্য, ঐশ্বর্য। জয়নুলের রোপিত শিল্পতরু ছায়ায় ঐ দশকের মাঝামাঝি পূর্ব ও পশ্চিমের যুগল ঐতিহ্যের সংশ্লেষে সাযুজ্যে উর্বর হয়েছিল শিল্পভুবন। সৃজন ও সংস্কৃতির এই চঞ্চল পরিবহে ভাস্কর্যে নভেরা ছিলেন সম্ভ্রম জাগানিয়া পথিকৃত্। প্রথম আবির্ভাবেই শিল্পনির্মাণের অনন্তবিস্তারে নভেরা বাংলার জল-মাটি, লোকজীবনের মন্ত্রময়তাকে ছুঁয়ে দিলেন। বোধের উষ্ণতায়, ঐতিহ্যের অনুরণনময়তায়। তিনি একাই নিঃশব্দে তৈরি করলেন এদেশে আধুনিক ভাস্কর্যের পাণ্ডুলিপি। তাঁরই চিন্তাপুষ্ট স্থাপত্য প্রতীপ আমাদের জাতীয় শহিদ মিনার। অসাম্প্রদায়িক উদার চেতনার মিনারের স্থপতি তিনি। নিজেকে পদক, তকমা, উপাধির কাঙাল ভাবতে পারেননি কোনোদিন। কিন্তু তাঁর  কীর্তিকে ভুলে থাকতে চেয়েছেন, স্বীকার করতে কুণ্ঠাবোধ করেছেন তাঁরই কালের এদেশের শিল্পীরা। ভুলে থাকতে চেয়েছে রাষ্ট্রও। এক ব্যাখ্যাতীত বোধে তরুণ বয়স থেকে প্রবীণপর্ব অবধি জীবন কাটালেন বিভুঁই ফ্রান্সে। তারই উপাখ্যান এই বই। ‘ঢাকায় করা ভাস্কর্যসমূহ’, ‘ব্যাংককে প্রদর্শনীর শিল্পকর্মসমূহ’, ‘নভেরা মিউজিয়ামের অন্যান্য শিল্পকর্ম’, ‘অন্যান্য ফটো গ্যালারি’—এইসব পর্বে তুলে ধরা হয়েছে নভেরা আহমদের শিল্পকর্ম ও জীবন।