নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস রিপোর্টার
পাকিস্তানকে হারিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রথম দুই ম্যাচে অন্তত তা পূরণ করতে পারল না বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তবু লড়াই করেছিল তারা। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায়ভাবে হারল সালমারা।
ক্যানাবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করা অস্ট্রেলিয়া ১ উইকেটে ১৮৯ রান করেছিল। জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করে।
অস্ট্রেলিয়া আসলে ব্যাট হাতেই ম্যাচ নিজেদের করে নেয়। কোনো উইকেট না হারিয়ে ১৭ ওভারে ১৫১ রান তুলে ফেলে তারা। দুই ওপেনারই আশি রান পার করেন। অ্যালিসা হিলি ৫৩ বলে ৮৩ রান করে আউট হন। এই একমাত্র উইকেটটি নিতে পেরেছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। এরপর গার্ডনার এসে ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। আর মুনি ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। জবাব দিতে নামা বাংলাদেশ ধীরে শুরু করেছিলেন। কিন্তু ২৬ রানে অল্প সময়ের ব্যবধানে তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর নিগার সুলতানা ও ফারজানা হক চেষ্টা করেছিলেন একটা জুটি করে পালটা আক্রমণ করার। নিগার ৩২ বলে ১৯ রান করেন। আর ফারজানা ৩৫ বলে ৩৬ রান করেন। এরপর রুমানা ১৩ রান করে আউট হন। আর প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। অলআউট না হলেও যেতে পারেনি লড়াইয়ের কাছে। অস্ট্রেলিয়ার হয়ে স্কাট ৩টি উইকেট নেন এবং জোনাসেন ২টি উইকেট নেন। আর সাদারল্যান্ড ও কেরি ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া নারী দল : ২০ ওভারে ১৮৯/১ (হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*; সালমা ১/৩৯)।
বাংলাদেশ নারী দল : ২০ ওভারে ১০৩/৯ (ফারজানা ৩৬, নিগার ১৯, শামিমা ১৩, রুমানা ১৩; স্কাট ৩/২১, জোনাসেন ২/১৭)। ফল : অস্ট্রেলিয়া নারী দল ৮৬ রানে জয়ী। ম্যাচ সেরা : অ্যালিসা হিলি।
