স্পোর্টস ডেস্ক
সিরিআর দুর্দান্ত ছন্দটা চ্যাম্পিয়ন্স লিগে টানতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নিষ্প্রভতার খেসারত দিয়ে জুভেন্তাস লিওঁর মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে হেরেছে ১-০ গোলে। ফলে শেষ আটে যেতে হবে পরের লেগে আরেকটা প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে তুরিনের দলটিকে।
লিওঁ কোচ রুডি গার্সিয়া আগেই জানিয়ে রেখেছিলেন জুভেন্তাস তারকা রোনালদোকে রুখতে বাড়তি কোনো পরিকল্পনা ছিল না তার। তবে বুধবার রাতের ম্যাচে ফরাসি দলটির জোনাল মার্কিংয়ের খাঁচা কিছুতেই ভাঙতে পারেননি রোনালদো, পাওলো দিবালা কিংবা গঞ্জালো হিগুয়েইনরা। ২০১৪ সালের পর প্রথমবারের মতো প্রতিপক্ষ গোলমুখে শট করা ছাড়াই কোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষ করে জুভেরা। ফলে ৩০ মিনিটে লুকাস তুসার্তের করা গোলটিই নির্ধারণ করে দেয় ম্যাচের ফলাফল।
ফলে জুভেন্তাসের বিপক্ষে প্রথমবারের মতো জিতে ২০১২ সালের পর প্রথম নকআউট জয়টিও তুলে নেয় লিওঁ। এই হারটি ২০০৯ সালের পর কোনো ফরাসি দলের কাছে জুভেন্তাসের প্রথম হার।
এই হারের ফলে শেষ আটে উঠতে গেলে পরের লেগে কমপক্ষে দুই গোলে জিততে হবে রোনালদোদের। তবে জুভেন্তাসকে অনুপ্রেরণা জোগাতে পারে ইতিহাস। ১১ বার কোনো নকআউট লড়াইয়ের প্রথম ম্যাচ হেরেছে দলটি, উতরে গেছে ৫ বার। গেল আসরেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগ ২-০ গোলে হেরেও পরের লেগে ৩-০ গোলে জিতে শেষ আটে উঠে গিয়েছিলো তারা। এবারও নিশ্চিত তেমন কিছুর পুনরাবৃত্তিই চাইবে সারির দল।
হারের প্রতিক্রিয়ায় কোচ সারি বললেন, ‘প্রথমার্ধে বল খুব ধীরগতিতে সামনে বাড়াচ্ছিলাম আমরা। দ্বিতীয়ার্ধে এটা ভালোর দিকে গেলেও চ্যামিপয়ন্স লিগে এক অর্ধে ভালো খেললে ফল পাওয়া সম্ভব নয়।’
এদিকে লিওঁ কোচ রুডি গার্সিয়ার কণ্ঠে আরেকটা গোল না পাওয়ার আফসোস ঝরলো। তিনি বলেন, ‘প্রথমার্ধে সুন্দর খেলেছি আমরা, কৌশলের প্রতি সম্মান দেখিয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা হয়নি, ফলে আমরা কিছুটা সমস্যায় পড়েছিলাম। আমরা কোনো গোল হজম করিনি এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা খেলায় ছন্দে ছিলাম তখন দ্বিতীয় গোলটা আদায় করতে পারিনি, এটাই আমার আফসোস।’ শেষ দশ বছরে লিওঁর শেষ ষোলোর গণ্ডি পেরোনোর ঘটনা মোটে একটি হলেও সেবারের সঙ্গে একটি মিল নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করতে পারে ফরাসি দলটিকে। ২০০৯-১০ মৌসুমে সেবার রিয়াল মাদ্রিদকে যেবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় করেছিলো লিওঁ, ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন সে দলে। এবারও রোনালদোকে বিদায় করার সুযোগটা নিশ্চিতভাবেই নিতে চাইবে লিওঁ।
