বিশ্বকাপ কাবাডি অনিশ্চিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার

শেষ পর্যন্ত ঢাকায় বিশ্বকাপ কাবাডি হবে কি না তা নিশ্চিত নয়। ঢাকায় বিশ্বকাপ প্রতিনিধিরা ঘুরে গেছেন। কিন্তু কোনো আশার বাণী শুনিয়ে যেতে পারেননি। আশায় আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্মকর্তারা। প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, ধরে নিচ্ছেন একটা ভালো কিছু জানতে পারবেন। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রতিনিধি এবং স্টার স্পোর্টসের প্রধান নির্বাহী ঢাকায় ঘুরে গেছেন।

বিশ্বকাপ কাবাডি আয়োজনের কী সুযোগ-সুবিধা রয়েছে, তা সরেজমিনে দেখার জন্য দুই দফায় এসেছিলেন প্রতিনিধিরা। তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখিয়েছেন কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা। ঘুরে যাওয়া প্রতিনিধির রিপোর্টের ওপর নির্ভর করছে আগামী নভেম্বরে ঢাকায় বিশ্বকাপ কাবাডি আয়োজনের সুযোগ বাংলাদেশ পাবে কি পাবে না। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক জানিয়েছেন, তারা আশায় আছেন।