চরফ্যাশনে কাঠ পোড়ানোর দায়ে ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

মিজানুর রহমান নয়ন, চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

ভোলার চরফ্যাশন উপজেলায় গত বুধবার অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা ছাড়াও দুই ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। ইটভাটা মালিকদের সূত্রে জানা গেছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ভাটায় ইট পোড়ানোর মৌসুম। সাধারণত এক চিমনির একটি ভাটায় এক মৌসুমে ২৭ থেকে ২৮ লাখ ইট পোড়ানো হয়। আর দুই চিমনির ভাটায় এক মৌসুমে ৫০ লাখ পর্যন্ত ইট পোড়ানো হয়। এক লাখ ইট তৈরিতে কাঠ লাগে ২ হাজার মণ। সেই হিসাব অনুযায়ী উপজেলার ইটভাটাগুলোতে কোটি কোটি মণ কাঠ পোড়ানো হয়। ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক ওমর ফারুক বাবুল বলেন, ‘যেসব ইট ভাটার অনুমোদন নেই, আবেদন করে এক বছরের জন্য সীমিত সংখ্যক ইট পোড়ান। ওই ইট দিয়ে আগামী বছর সরকারের নিয়ম মেনে ভাটা তৈরি করা হবে।’  ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চরফ্যাশন উপজেলা বন কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘যদি বনের কাঠ ইটভাটায় পোড়ানোর অভিযোগ পাই, তাহলে ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া বলেন, ‘চরফ্যাশন উপজেলায় বুধবার অভিযান চালিয়ে একটি ইটভাটার ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং দুটি ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়েছে। অভিযান চলমান রয়েছে।’