রাবিতে অনশনরত ২০ শিক্ষার্থী অসুস্থ, রামেকে ভর্তি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে আমরণ অনশনে থাকা ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার অসুস্থের পর তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান অনশন স্থলে গিয়ে শিক্ষার্থীদের অনশন স্থগিতের নির্দেশ এবং আলোচনার আশ্বাস দেন। কিন্তু তারপরও শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে এটি সমাধান করতে হবে। সময় দরকার, আলোচনা দরকার। এ সময় উপ-উপাচার্য চৌধুরী মুহাম্মদ জাকারিয়া, আনন্দ কুমার সাহা, প্রক্টর লুত্ফর রহমান, ছাত্র উপদেষ্টা লায়লা আর্জুমান বানুসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সকালে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান শিক্ষার্থীদের অনশন স্থলে গিয়ে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

অনশনরত পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিমরান সাকিব বলেন, তারা আগের মতোই কেবল আশ্বাস দিয়ে চলেছেন। বিভাগ পরিবর্তনের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।