মেসেঞ্জারে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগ
বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বামনায় ছাত্রীদের মেসেঞ্জারে উত্ত্যক্ত, আপত্তিকর ভিডিও ও ছবি পাঠানোর অভিযোগে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আশ্রাফুল হাসান লিটনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। ঐ প্রভাষককে কলেজ থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে লঞ্চঘাট সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সমাবেশে ছাত্রীরা বলেন, আশ্রাফুল হাসান লিটন ঐ কলেজের অনেক ছাত্রীকে ফেসবুকে অ্যাড করে তাদের মেসেঞ্জারে নিজের শরীরের আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায়। সম্প্রতি প্রাক্তন এক ছাত্রীর মেসেঞ্জারে এমন ছবি ও ভিডিও পাঠালে তিনি তার প্রতিবাদ করেন। ঐ ছাত্রী তার নিজের ফেসবুকে প্রভাষক লিটনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে কলেজ কর্তৃপক্ষ প্রভাষক লিটনকে সাময়িক বরখাস্ত করে। বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বলেন, ‘তাত্ক্ষণিক সভা ডেকে অভিযুক্ত ঐ প্রভাষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইচ্ছা করলে একবারেই চূড়ান্ত বহিষ্কার করা যায় না। অধিকতর তদন্ত শেষে তিনি দোষী প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।’
