রাজৈরে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন মাতুব্বর (৪৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মজুমদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের আমির মাতুব্বরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজৈর উপজেলা মজুমদার কান্দি গ্রামে বিকালে কয়েক শিশু দুষ্টুমি করছিল। এ সময় লিটন মাতুব্বর (৪৫) শিশুদের নিয়ন্ত্রণ করতে না পেরে এক শিশুকে থাপ্পর দেয়। এ সময় পাশে থাকা এক নারী প্রতিবাদ জানায় এবং বাগিবতণ্ডার এক পর্যায়ে লিটন ঐ নারীকেও থাপ্পর দেয়। এতে ঐ নারীর ছেলে মনি মায়ের থাপ্পরের প্রতিশোধ নিতে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ওসি খোন্দকার শওকত জাহান হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে জানান, এখনো মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।