খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এক্তিয়ার :তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৭

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এক্তিয়ার। এখানে সরকারের কোনো করণীয় নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আদালত যদি মনে করেন, তবে জামিন দেবেন। আর যদি মনে করেন, তিনি (খালেদা) জামিন পাওয়ার যোগ্য নন, তাহলে জামিন দেবেন না। এটি একান্তই আদালতের ব্যাপার, সরকারের কোনো বিষয় নয়।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী স্বাগত বক্তৃতা করেন।