নতুন বইয়ের মাদকতায় কখন যে কেটে গেল পুরো মাস, বোঝাই গেল না। পরিচ্ছন্ন সুন্দর মেলায় স্নিগ্ধ ছিমছাম পরিবেশ। নতুন বই, ঝলমলে প্রচ্ছদ, লেখক-পাঠকের আনাগোনায় জমজমাট ছিল পুরো মাস। আজ সাপ্তাহিক ছুটি। বইমেলাও আজ বাদে কাল শেষ। আজ শিশুপ্রহর। তাই বেলার দ্বার খুলবে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। এ দুটি দিনে শেষবারের মতো বইপ্রেমীরা আসবেন বইমেলায়। আরো কিছু কেনার বাকি যা রয়েছে সংগ্রহ করবেন। আর না কিনলেই বা কী? বই তো পরে দোকানে পাওয়া যাবেই। কিন্তু এই আড্ডামুখর পরিবেশের জন্য তো প্রতীক্ষায় কাটবে সামনের পুরোটা বছর। শেষ সময়ে বই বিক্রির অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকেরা। মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন অনেক স্টল মালিক। গতকাল বইমেলায় নতুন বই এসেছে ১৫৫টি। মেলার ২৬ দিনে সব মিলিয়ে নতুন বই এসেছে ৪ হাজার ৩৯৪টি।
হুমায়ুন আজাদ স্মরণে সভা
বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী চক্রের সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষ্যে অমর একুশে গ্রন্থমেলায় তাকে স্মরণ করা হয়েছে। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি মেলা থেকে বের হওয়ার পথে তিনি জঙ্গি হামলার শিকার হন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনের খোলা চত্বরে লেখক-পাঠক-প্রকাশকদের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভার শুরুতে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বক্তব্য প্রদান করেন কবি কাজী রোজী, শিল্পী ফকির আলমগীর, শিশুসাহিত্যিক লুত্ফর রহমান রিটন, প্রকাশক মাজহারুল ইসলাম, হুমায়ুন আজাদের অনুজ সাজ্জাদ কাদির, কন্যা মৌলি আজাদ প্রমুখ। সভাপতিত্ব করেন প্রকাশক ওসমান গনি।
