আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও মিত্র দেশ হিসেবে ভারতকে মুজিববর্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘তাদের দেশের অভ্যন্তরের বিষয়ে যে সংঘাত, সংঘর্ষ, এটা চিন্তা করে আমরা তাদের আমন্ত্রণ জানাইনি। মুক্তিযুদ্ধের প্রধান সাহায্যকারী ও সবচেয়ে বড়ো মিত্র দেশ ভারত।’
ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্বকে আমরা বাদ দেব এটা তো চিন্তাও করা যায় না।’ তিনি বলেন, ‘মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর মূল কারণ, তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে। আমাদের শরণার্থীদের সাহায্য করেছে। ভারতই আমাদের অস্ত্র ও ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। আমাদের রক্তের সঙ্গে ভারতের রক্ত মিশে আছে। কাজেই ভারতকে এই মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতার পরিচয়।’ দিল্লিতে চলা দাঙ্গা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেটা আজ দিল্লিতে ঘটছে, সেটা তাদের (ভারত) অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমরা কেন অযথা নাক গলাতে যাব? তাদের ইন্টারনাল সমস্যার সমাধান তারাই খুঁজে নেবে।’
