ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পি)। আওয়ামী লীগের মনোনীত সালাউদ্দিন রবিনকে ৭৮৮ ভোটে পরাজিত দেখিয়ে বাপ্পিকে নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বাপ্পির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত ভোটে রবিন পরাজিত হননি। তিনি ৭৩৫ ভোটে জিতেছেন। নির্বাচনী অনিয়ম এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজনকে বিজয়ী করতে ২১০ নম্বর কেন্দ্রে ইসি তিনটি ফলাফল প্রস্তুত করেছে। ইত্তেফাকের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে।
ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রবিন (টিফিন ক্যারিয়ার) দলের সমর্থন নিয়ে সাধারণ কাউন্সিলর পদে লড়েছেন গত ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইভিএমের সিটি নির্বাচনে। উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে রবিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে ছিলেন আরো সাত জন প্রার্থী। ভোট শেষে বিকালে ১৫টি ভোটকেন্দ্র থেকে পাওয়া ফলাফলের হিসাব-নিকাশে সালাউদ্দিন রবিন জয়ী হলেও, রাতে নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে জেতানো হয় বিদ্রোহী প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীকে (ঝুড়ি)। ইসির ফলাফলে বাপ্পি পান ৯ হাজার ৫৪০ ভোট। আর সালাউদ্দিন রবিনকে দেখানো হয় ৮ হাজার ৭৫২ ভোট। অর্থাত্ ৭৮৮ ভোটে হেরেছেন রবিন। ফলাফলে আপত্তি জানিয়ে তাত্ক্ষণিক নির্বাচন কমিশনে আবেদন করলেও তার আবেদন নামঞ্জুর করা হয়। নাছোড়বান্দা সালাউদ্দিন থেমে থাকেননি। কৌশলে ইসি থেকে সংগ্রহ করেছেন ইভিএম বা ট্যাবের ফলাফল কপি। কপি হাতে পেয়ে তার অভিযোগের সত্যতা পান। কিন্তু রিটার্নিং অফিসার রবিনের অভিযোগ আমলে নিতে নারাজ। ৬ নম্বর ওয়ার্ডের ২০৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার কর্তৃক হাতে লেখা ফলাফলে সালাউদ্দিনের দেখানো হয় ১১৮ ভোট, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাপ্পীর ৬৫৮। ইভিএম থেকে প্রিন্ট করা ফলাফলে দেখা গেছে, সালাউদ্দিনের প্রাপ্ত ৬৫৮ ভোট দেওয়া হয়েছে প্রতিপক্ষ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর ঝুড়ি মার্কার নামে। আর বাপ্পির ১১৮ ভোট রবিনের টিফিন ক্যারিয়ারে। এক কেন্দ্রেই রবিনকে ৫৪০ ভোট কম দেখানো হয়েছে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ‘দেশব্যাপী গ্রামীণ বাজার’ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. তানভীর ভুঁইয়া ইত্তেফাককে বলেন, ইভিএমে যে ফল পেয়েছি, সেটি হাতে লিখেছি। গরমিল হওয়ার কথা নয়।
