আওয়ামী লীগে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর ছড়াছড়ি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার আওয়ামী লীগে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ অবস্থা লক্ষ্য করা গেছে।

মনোনয়নপত্র জমা দিতে আসা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কয়েকজন জানান, বর্তমানে কাউন্সিলর হিসাবে দায়িত্বরত এবং আসন্ন নির্বাচনে মনোনয়নবঞ্চিত সাধারণ ও সংরক্ষিত (মহিলা) আসনের ১৯ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জনই বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা জানান, শুধু ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডেই দলীয় মনোনয়নপ্রাপ্ত কাউন্সিলের বাইরে আওয়ামী লীগের ১০ জন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। এভাবে প্রায় প্রতিটি ওয়ার্ডেই গড়ে পাঁচ থেকে ১০ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ব্যাপারে ২১ নম্বর জামালখান ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী ও বিকেএমইএ পরিচালক রাজিব দাশ সুজয় ইত্তেফাককে বলেন, প্রায় প্রতিটি ওয়ার্ডেই উল্লেখযোগ্য        সংখ্যক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যাচ্ছে। এই ওয়ার্ডেরই সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা এম এ নাসের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে এসে নিজের জয়ের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন ইত্তেফাকের কাছে।

বর্তমানে কাউন্সিলর হিসাবে দায়িত্বরত ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমন প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের সাহেদ ইকবাল বাবু, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জহুরুল আলম জসিম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের মোরশেদ আকতার চৌধুরী, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের সাবের আহমেদ, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের আবুল ফজল কবির আহমদ (মানিক), ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এস এম এরশাদ উল্লাহ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের এইচ এম সোহেল, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের আবদুল কাদের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের তারেক সোলায়মান সেলিম, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের হাসান মুরাদ বিপ্লব ও ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের হাজী জয়নাল আবেদীন।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ইত্তেফাককে বলেন, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। কাজেই বিষয়টি বিদ্রোহী প্রার্থীরা গুরুত্বের সঙ্গে নিলেই ভালো।