খালেদা জিয়ার জামিন খারিজ হওয়ায় কাল বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৬

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। একই দিন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। দুপুর ২টায় হবে বিক্ষোভ সমাবেশ।

রিজভী বলেন, সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনা চিকিত্সায় খালেদা জিয়ার স্বাস্থ্যের শোচনীয় পর্যায়ে নেওয়ার চক্রান্ত চলছে। এজন্য আদালতকে ব্যবহার করা হচ্ছে।

রিজভী বলেন, জামিন খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটল। সরকার মুক্তিপণ আদায়ের মতোই তাকে অন্যায়-অন্যায্য ও সকল আইনী অধিকার লঙ্ঘন করে কারারুদ্ধ করে রেখেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলনেতা মোরশেদ আলম, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।