দিল্লিতে সহিংসতা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা স্যান্ডার্সের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:১৮

ভারতের দিল্লিতে কয়েক দিনের টানা সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স। ভারত সফরে নয়া দিল্লির সহিংসতা নিয়ে ট্রাম্পের বিবৃতিকে প্রেসিডেন্টের ‘নেতৃত্বের ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন।

স্যান্ডার্সের পাশাপাশি এলিজাবেথ ওয়ারেন, মার্ক ওয়ার্নারসহ প্রভাবশালী অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতাই দিল্লির রক্তক্ষয়ী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পের ভারত সফর শুরুর আগেই দিল্লিতে এ সহিংসতা শুরু হয়। সাংবাদিকরা এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে প্রশ্ন করলে এ বিষয়টিকে তিনি ‘ভারতের বিষয়’ বলে এড়িয়ে যান।  তবে ভারমন্টের সিনেটর বুধবার টুইটারে ট্রাম্পের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।  তিনি বলেন, ‘২০ কোটিরও বেশি মুসলমান ভারতকে নিজেদের বাড়ি বলে জানে। সেখানে মুসলিমবিরোধী বিস্তৃত সহিংসতা এরই মধ্যে বহু লোকের প্রাণ কেড়ে নিয়েছে। আহত হয়েছে অনেকে। ট্রাম্প এর প্রতিক্রিয়া দেখিয়েছেন এটি ভারতের বিষয় বলে। এটি মানবাধিকার বিষয়ে (তার) নেতৃত্বের ব্যর্থতা।’  ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে স্যান্ডার্সের আগেই এলিজাবেথ ওয়ারেন মুখ খুলেছিলেন।

অপরদিকে, কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেছেন, ধর্মীয় ঘৃণা ও উন্মত্ততা দ্বারা চালিত নয়া দিল্লির সহিংসতা তাকে আতঙ্কিত করেছে। উদার গণতন্ত্রকে অবশ্যই ধর্মীয় স্বাধীনতা এবং বহুত্ববাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিভেদ ও ধর্মান্ধতার পথ পরিহার করতে হবে। এনডিটিভি।