ভারতের দিল্লিতে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মোতাবেক জানা গেছে, সম্প্রতি ভারত সরকার কর্তৃক পাশকৃত বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর পক্ষ ও বিপক্ষ গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল, তা ইতিমধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিয়েছে, সহিংসতায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিএনপি গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে নিহত ও আহতদের মধ্যে মুসলমান ও হিন্দু উভয় ধর্মীয় সম্প্রদায়ের ভারতীয়রাই আছে। বিএনপি সব সময়ই ভারত রাষ্ট্র ও জনগণের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ কামনা করে। বিএনপি বিশ্বাস করে, ভারতের বর্তমান নির্বাচিত সরকার তার দেশের সংবিধানের অন্তর্নিহিত চেতনানুযায়ী ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই চলমান সংকটের সমাধান করবে।
