স্যামসাংয়ের ফোন উত্পাদন কারখানা বন্ধ!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০

নভেল করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর গুমিতে একটি মোবাইল ডিভাইস উত্পাদন কারখানা বন্ধ ঘোষণা করেছে স্যামসাং। গত শনিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঐ কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বিশ্বের বৃহত্ স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গুমিতে অবস্থিত কারখানায় কভিড-১৯ আক্রান্ত একজন কর্মী শনাক্ত হয়েছে। ঐ কর্মী কারখানার যে ফ্লোরে কাজ করতেন, তাত্ক্ষণিকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হলেও তা আরো দীর্ঘ হতে পারে। যেসব কর্মী কভিড-১৯ আক্রান্ত কর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাদের নিজেদের কোয়ারান্টাইন করে রাখার পরামর্শ দিয়েছে স্যামসাং। একই সঙ্গে তারাও আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে।

চীন থেকে মোবাইল ডিভাইস উত্পাদন কার্যক্রম শতভাগ স্থানান্তর করেছে স্যামসাং। দেশটিতে নিজেদের সর্বশেষ স্মার্টফোন উত্পাদন কারখানার কার্যক্রম গত বছর বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন স্যামসাংয়ের সিংহভাগ স্মার্টফোন উত্পাদিত হচ্ছে ভারত ও ভিয়েতনামে স্থাপিত নিজস্ব কারখানায়। স্যামসাং মোট যত সংখ্যক স্মার্টফোন উত্পাদন করে, তাতে গুমির কারখানার অবদান খুবই সামান্য। মূলত স্থানীয় বাজারের চাহিদা মেটাতে গুমির কারখানায় হাই-এন্ড ফোন উত্পাদন করে আসছে স্যামসাং। গুমি দক্ষিণ কোরিয়ার দেইগু নামের শহরের কাছাকাছি। বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত যত সংখ্যক মানুষ কভিড-১৯ আক্রান্ত হয়েছে, তার বেশির ভাগই দেইগুর একটি চার্চের আশপাশের এলাকার।

বিবৃতিতে গত শনিবার দক্ষিণ কোরিয়া সরকার জানায়, দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৩ জনে পৌঁছেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আইফোন উত্পাদন ব্যাহত হলেও স্যামসাংয়ের স্মার্টফোন উত্পাদন ও সরবরাহে কোনো প্রভাব পড়বে না। কারণ চীনে নিজেদের স্মার্টফোন উত্পাদন কার্যক্রম প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। বলা হচ্ছিল, এ পরিস্থিতিতে বৈশ্বিক স্মার্টফোন বাজারে অ্যাপল আর্থিক ক্ষতির মুখে পড়লেও স্যামসাং লাভবান হবে।                      সূত্র : রয়টার্স