এই সময়ের ছড়া
আহমেদ জসিম
১.
বসছে না মন আজ খেলাতে,
যাচ্ছি সবাই বইমেলাতে।
বইমেলাতে প্রাণের আলো,
সকল প্রাণে লাগবে ভালো।
২.
শোন রে মনা প্রাণের সই,
বইমেলাতে কিনবো বই।
ঘুচবে মনের যা মন্দ,
বই পড়াতে আনন্দ।
৩.
উদ্যানে বইমেলা চলছে,
একুশের ইতিহাস বলছে।
শহিদের পথরেখা মেনেছি,
সেই পথে স্বাধীনতা এনেছি।
একুশের রক্তের মূল্য—
আর কিছু নেই সমতুল্য।
