শেরপুরে স্বর্ণ ব্যবসায়ে ধস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

সুশীল মালাকার

 

অব্যাহত স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে শেরপুরে স্বর্ণালংকার ব্যবসায়ে ধস নেমে এসেছে। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়েছে। অপরদিকে শহরের নামি-দামি অলংকার দোকানগুলোতে ক্রেতার দেখা নেই। ফলে দোকানমালিক কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৪ মাসে স্বর্ণের দাম ৪ দফা বৃদ্ধি পেয়ে এখন ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৫২৭ এবং ২১ ক্যারেট স্বর্ণ ৫৯ হাজার ১৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। চার মাসে স্বর্ণের দাম প্রায় সাড়ে ৩ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

এ প্রসঙ্গে শেরপুর জুয়েলার্স সমিতির সহসভাপতি মো. শাহজাহান মিয়া ও সহসাধারণ সম্পাদক আব্দুর রফিক মজিদ জানান, শেরপুর জেলার অধিকাংশ জুয়েলারি দোকানে রেডিমেইড অলংকারের চাইতে ক্রেতাগণ অর্ডার দিয়ে অলংকার তৈরি করিয়ে নিতে বেশি পছন্দ করেন। ফলে যে দামে অলংকারের অর্ডার রাখা হয় গ্রাহকদের সেই দামেই সরবরাহ করতে হয়। কিন্তু স্বর্ণের মূল্য বৃদ্ধির হলে সেই দাম জুয়েলারি মালিকগণ গ্রাহকদের কাছ থেকে নিতে পারছেন না। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি যেহেতু এখন বিদেশ থেকে বৈধ পথে স্বর্ণ আমদানি শুরু হয়নি। তাই ওয়েজ আর্নার স্কিমে যে সোনা দেশে আসছে তা শুল্কমুক্ত করা হোক এবং ক্ষুদে ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায় বন্ধ করা হোক।