আইসিসির চার দিনের টেস্টের পরিকল্পনা একের পর এক বাউন্সারের মুখোমুখি হয়েই চলেছে। এবার সাবেক ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে সাফ জানিয়ে দিলেন, টেস্ট ম্যাচ চার দিনে নেমে আসলে সেটা আর টেস্টই থাকবে না। কুম্বলের এই বলাটা আরো বেশি গুরুত্ব বহন করে, কারণ তিনি নিজে হলেন আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান।
আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। এই পরিকল্পনা মাথায় রেখেই এগোচ্ছে তারা। তাদের পরিকল্পনা, ২০২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চার দিনে শেষ করা। তাদের দাবি সময় বাঁচার সঙ্গে সঙ্গে এর ফলে টেস্ট ক্রিকেট আরো আকর্ষণীয় ও বিনোদনদায়ক হবে।
আর এই নতুন উদ্যোগের খবরে দুনিয়া জুড়ে ক্রিকেটারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে জোর গলায় কথা বলছেন। বেশির ভাগ বর্তমান ক্রিকেটারই বলছেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে।
বিরোধিতা করেছেন জো রুট, রিকি পন্টিং, শোয়েব আখতার, জাস্টিন ল্যাঙ্গার কিংবা ন্যাথান লিঁওরা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি, লিটল মাস্টার শচিন টেন্ডুলকার ও লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেও শক্তভাবে এর বিরোধিতা করেছেন। এবার তাতে সামিল হলেন অনিল কুম্বলে।
কুম্বলে দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘টেস্টটা পাঁচ দিনে খেলা হয় বলেই সেটাকে টেস্ট বলে। এটা যদি পাঁচ দিনে নেমে আসে তাহলে সেটা আর টেস্টই থাকবে না। এই ব্যাপারে আমার ধারণা পরিষ্কার।
আইসিসির ক্রিকেট কমিটির এই চেয়ারম্যান জানান, বছর দুয়েক আগেই চার দিনের টেস্টের পরিকল্পনা করেছিল আইসিসি ক্রিকেট কমিটি। তবে, সেটা ছিল কেবল নিচের দিকে থাকা দলগুলোর জন্য। সেখানে প্রাথমিকভাবে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের থাকার কথা ছিল। কিন্তু, সেই পরিকল্পনাটা সব দলের জন্য ছিল না। সেই পরিকল্পনা মাফিকই দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি চার দিনের টেস্ট ম্যাচ খেলে জিম্বাবুয়ে।
কুম্বলে মনে করছেন না যে টেস্ট ক্রিকেট তার সুদিন হারিয়েছে। তিনি বলেন, ‘আপনি যদি গত ১৮ মাস কিংবা দুই বছরের টেস্ট ক্রিকেট দেখেন, তাহলেই বুঝবেন যে টেস্ট ক্রিকেটের লড়াইটা এখনো কতটা স্বাস্থ্যকর আছে। এখন আগের চেয়ে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে সমতা অনেক বেশি। টেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটার অনুভূতিও এখন আগের চেয়ে অনেক বেশি।’
