জয়পুরহাটে গ্রামীণ খেলাগুলো ফিরিয়ে আনার উদ্যোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৪

যুব সমাজকে মাদকাসক্ত থেকে রক্ষা করতে পারে খেলাধুলা ও সাংস্কৃতিক  কর্মকাণ্ড। সেজন্য গ্রামীণ জনপদ থেকে হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’। জেলা শহরের প্রত্যন্ত অঞ্চল সীমান্ত সংলগ্ন ধলাহার ইউনিয়নের ধলাহার উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজন করা হয় দড়ি লম্ফ, ১০০ ও ২০০ মিটার দৌড়, নৃত্য, বালিশ খেলা, ফুটবল, আবৃত্তি, চিত্রাঙ্কন, অঙ্ক দৌড় ও সংগীত প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে।

খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধলাহার ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদ, জাকস ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক মো. আবুল বাশার, উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।