উত্তরায় গ্যাসলাইনে ছিদ্র এলাকায় আতঙ্ক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

উত্তরায় হাউজবিল্ডিং বাসস্ট্যান্ড আইডিয়াল প্রোডাক্টের সামনে গতকাল শুক্রবার সকালে বিআরটি প্রকল্প নির্মাণকাজ চলাকালে গ্যাসলাইন ছিদ্র হয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঐ পাইপলাইনে আগুন ধরেনি। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করেন। একপর্যায়ে দমকল বাহিনী ও পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশের যান চলাচল বন্ধ করে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, গাজীপুর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার বিআরটি লাইন নির্মাণকাজ রাস্তার চলছিল। সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার হাউজবিল্ডিং সড়কে ১২ ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইনে ফেটে (লিকেজ) হঠাত্ এ বিস্ফোরণ হয়। এসময় তীব্র বেগে গ্যাস বের হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, ঘটনার পর গ্যাসলাইন মেরামতের কাজ শুরু হয়েছে। লাইনে আগুনের কোনো ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফের যানবাহন চলাচল শুরু হয়।