ডায়রিয়া হলে কী খাবেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

উম্মে সালমা তামান্না

সাধারণত বাহিরের খোলা, বাসি-পচা, কাঁচা বা আধাসিদ্ধ খাবার, দূষিত পানি পান করার কারণে ডায়রিয়ার জন্য দায়ী জীবাণু মানবদেহে প্রবেশ করে। যে কারণে খুব সহজেই যে কোনো বয়সি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। ডায়রিয়া হলে শরীর থেকে পানি, লবণসহ প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস বের হয়ে যায়। যার কারণে রোগী দুর্বল হয়ে যায়। এসময় কিছু খাবার খেলে ডায়রিয়া আক্রান্ত রোগী দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। ডায়রিয়া আক্রান্ত রোগীকে প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, স্যুপ, ডাবের পানি, ভাতের মাড়, বেদানা, কমলা, মালটা ও তরমুজের জ্যুস, লেবুর শরবত খেতে দিতে হবে।

অল্প করে একটু পরপর সহজ পাচ্য খাবার দিতে হবে। আপেল ও কলা এক্ষেত্রে খুবই উপকারী। এতে বিদ্যমান পেকটিন পায়খানা শক্ত করতে এবং শরীরের জন্য প্রয়োজনীয় ইলেকট্রোলাইটস সরবরাহ করে। নরম খাবার যেমন সেদ্ধ আলু, ভাত, জাউ, ওটমিল দিনে দুই-তিন বার খেতে দিতে হবে। দিনে এক বা দুই কাপ দই খেতে হবে। দই হলো একপ্রকার প্রোবায়োটিকস। এতে বিদ্যমান উপকারী ব্যাকটেরিয়া হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং ডায়রিয়া সারিয়ে তোলে। এসব খাবার খাওয়ার পাশাপাশি দুধ, পণির, মাখন, ভাজাপোড়া, ঝাল ও মিষ্টি জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার, বাদাম, বীজ, স্পাইসি ও প্রসেসডফুড, চা ও কফি খাওয়া হতে বিরত থাকতে হবে। এগুলো পেটে গ্যাস, হজমে সমস্যা, পেটে জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্য সৃষ্টি করে।

লেখক :পুষ্টি বিশেষজ্ঞ