দেশের চিকিত্সকদের অপমান করেছেন খালেদা জিয়া :চিফ হুইপ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, খালেদা জিয়া যদি বাংলাদেশের চিকিত্সা সেবার ওপর আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ কীভাবে আস্থা রাখবে। হাইকোর্টের একটি রায় আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া চিকিত্সা নিতে চান না। এটা কিন্তু আমাদের চিকিত্সা সেবা ও চিকিত্সকদের অপমান। তিনি বলেন, আমি মনে করি, আমরা যারা রাজনীতি করি তাদের উচিত চিকিত্সকদের আরো বেশি অনুপ্রেরণা দেওয়া, উত্সাহিত করা। এসময় শিবচরকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

গতকাল শুক্রবার সকালে স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস ফোরাম ও ঢাকাস্থ শিবচর উপজেলা সমিতি আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, শামসুন্নাহার নাহিদ মহুয়া প্রমুখ।