কাতারে মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’র চট্টগ্রাম ত্যাগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

চট্টগ্রাম অফিস

আগামী ১৬ থেকে ১৮ মার্চ কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ৭ম আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ গতকাল শুক্রবার চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। জাহাজটি নৌ-জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এসময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহসহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

এ মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদরা এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বানৌজা স্বাধীনতা জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মোস্তফা জিল্লুর রহিম খান এর নেতৃত্বে ২২ কর্মকর্তাসহ মোট ১৪১ জন নৌসদস্য এ মহড়ায় অংশ নেবেন। জাহাজটি যাত্রাপথে শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। ঐ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে আশা করা হচ্ছে। মহড়ায় অংশগ্রহণ শেষে জাহাজটি আগামী ৬ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে।